বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ০৮:১৮:৪১

অবশেষে যখন হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি

অবশেষে যখন হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি

এমটিনিউজ২৪ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা তৈরি করছে নির্বাচন কমিশন। আগামী এক বছরের মধ্যে ধাপে ধাপে দেশের সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে কাজ চলছে।

এ নিয়ে ইসি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম।

ইসি আনোয়ারুল ইসলাম বাসসকে এক বিশেষ সাক্ষাৎকারে এসব তথ্য জানান। তিনি বলেন, ‘এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার স্থানীয় সরকার নির্বাচন। এ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছি।

এখনো প্রস্তুতি পুরোপুরি শেষ হয়নি। তবে আমাদের লক্ষ্য, এক বছরের মধ্যে ধাপে ধাপে সব নির্বাচন সম্পন্ন করা।’
স্থানীয় সরকার নির্বাচনের আগে প্রয়োজনীয় আইন, বিধি ও নীতিমালা সংশোধন, বাজেট বরাদ্দ, প্রশাসনিক প্রস্তুতি এবং মৌসুমি বাস্তবতা বিবেচনায় নিয়ে একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে বলে জানান তিনি।

স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু হতে পারে এবং কোন ধাপে কোন নির্বাচন হবে—জানতে চাইলে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘আমরা এখন সব কিছু বিবেচনায় নিয়ে সার্বিক কর্মপরিকল্পনা তৈরি করছি।

সেটি চূড়ান্ত হওয়ার পর বলতে পারব কোন নির্বাচন কবে, কোন তারিখে এবং কোন ধাপে অনুষ্ঠিত হবে।’
সিটি করপোরেশন নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোন নির্বাচন আগে এবং কোনটি পরে অনুষ্ঠিত হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি। কমিশন সব দিক বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

আইন ও বিধিমালা সংশোধনে তিন থেকে চার মাস সময় লাগতে পারে বলে জানান ইসি আনোয়ারুল। এদিকে জুন মাসের জাতীয় বাজেট, পরবর্তী বর্ষা মৌসুম এবং মাঠ প্রশাসনের প্রস্তুতির বিষয়গুলোও নির্বাচন কমিশনের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ বিবেচ্য হিসেবে রয়েছে বলে জানান তিনি।

স্থানীয় সরকার নির্বাচনও জাতীয় নির্বাচনের মতো গ্রহণযোগ্য, অবাধ ও নিরপেক্ষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ইসি আনোয়ারুল বলেন, ‘জাতীয় নির্বাচন যে স্ট্যান্ডার্ডে হয়েছে, সেই স্ট্যান্ডার্ডের নিচে নামার কোনো সুযোগ নেই। আমরা চাই ভবিষ্যতেও ভালো নির্বাচন হোক এবং জনগণের আস্থা বজায় থাকুক।’

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আন্তর্জাতিক পরিমলে যে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে, সেটি ধরে রাখতে নির্বাচন কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জানিয়ে ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘আমাদের দেশ বিশ্বের মধ্যে যেভাবে সুনাম অর্জন করছে, সেই সুনাম নষ্ট হতে দিতে পারি না। রাজনৈতিক দলগুলোও ভালো নির্বাচন চায়, সরকারও চায়। নির্বাচন কমিশনও ভালো নির্বাচনের জন্য যত ধরনের পদ্ধতি রয়েছে, সব পদ্ধতি প্রয়োগের চেষ্টা করবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে