এমটিনিউজ২৪ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের জানাজায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
রোববার (১৭ মে) দুপুরে ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।
ফেসবুকে পোস্টে তিনি লেখেন, ‘আমাদের জুলাইয়ের সহযোদ্ধা কারিনা কায়সার চিরতরে বিদায় নিয়েছেন। আজ রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজা অনুষ্ঠিত হবে। জুলাইয়ের সকল সহযোদ্ধা, ফ্যাসিবাদবিরোধী সকল সংগঠন ঐক্যবদ্ধভাবে আমাদের সহযোদ্ধা কারিনা কায়সারকে শেষ বিদায় জানাতে চাই। সকলকে জানাজায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।’
এদিকে কারিনার মা লোপা কায়সার সোশ্যাল মিডিয়ায় আবেগঘন একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি বলেন ‘জীবনের অনেক বড় বড় পরীক্ষা হাসিমুখে পার করেছি। কখনও কারো কাছে কিছু চাইনি, কারো অপকার করিনি। সব সময় চেষ্টা করেছি মানুষের উপকার করতে। আজ আমার মেয়েকে ছাড়া জীবনের ভার আমি কীভাবে বয়ে বেড়াব জানি না।’
কারিনাকে বহনকারী বিমানটি রোববার বিকেল ৪টা ৫০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। কারিনার মরদেহ গ্রহণ করেন তার বাবা জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ রোববার মাগরিবের নামাজের পর রাজধানীর বনানীর ডিওএইচএস মাঠে কারিনার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ এশা বনানী দরবার শরিফে দ্বিতীয় জানাজা হবে। রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে তার মরদেহ। সোমবার ফজরের পর মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে তাকে দাফন করা হবে।