এমটিনিউজ২৪ ডেস্ক : ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দারিদ্র্য দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনমান সহজিকরণকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
সোমবার (১৮ মে) পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
চরমোনাই পীর বলেন, দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিবাদ এবং বিশেষ পরিস্থিতির অন্তর্বর্তীকালীন সরকারের পর এবারের বাজেট প্রণনয়ন হবে একটি নির্বাচিত স্বাভাবিক সরকারের নেতৃত্বে। তবে বর্তমানে দেশ এক বহুমাত্রিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, দেশের অর্থনীতির কাঠামো প্রায় ধ্বংসপ্রাপ্ত, সংস্কারের উদ্যোগগুলো স্থবির হয়ে পড়েছে এবং বৈশ্বিক রাজনীতির প্রভাবে জ্বালানি সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ।
দেশের বর্তমান অর্থনৈতিক চিত্র তুলে ধরে তিনি বলেন, বর্তমানে দারিদ্র্যের হার বেড়েছে এবং মানুষের আয় করার সক্ষমতা কমেছে। মানুষ এখন সঞ্চয় করতে পারছে না, বরং সঞ্চয় ভেঙে সংসার চালাতে বাধ্য হচ্ছে। বিনিয়োগে স্থবিরতার কারণে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে।
২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়নকারী সংশ্লিষ্টদের, বিশেষ করে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মুফতি রেজাউল করীম বলেন, ‘পরিস্থিতি যাইহোক না কেন, বাজেট প্রণয়নে দারিদ্র্য দূরীকরণ, কর্মসংস্থান ও জীবনমান সহজিকরণকে প্রাধান্য দিতে হবে’। একইসঙ্গে তিনি রাজস্ব আয় বৃদ্ধি, সরকারের অপ্রয়োজনীয় ব্যয় হ্রাস, বিনিয়োগ বৃদ্ধি এবং রাষ্ট্রের সামগ্রিক সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম এবং কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ একটি জনকল্যাণমুখী ও বাস্তবসম্মত বাজেট প্রণয়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।