এমটিনিউজ২৪ ডেস্ক : জামায়াত-শিবির এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে হত্যা করে বিএনপির ওপর দায় চাপাতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।
শুক্রবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন রাশেদ খাঁন।
তিনি বলেন, ঝিনাইদহে অস্ত্রধারী দু'জন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে। বর্তমানে তারা শিবিরের রাজনীতি করে। অথচ সারজিস আলম পোস্ট করলো, এই সন্ত্রাসীরা নাকি নাসীরুদ্দীন পাটওয়ারীকে হত্যা চেষ্টা করে।
বিএনপির এই নেতা বলেন, তাহলে জামায়াত-শিবির নাসীরকে কেন, কী উদ্দেশ্যে হত্যার চেষ্টা করলো? বিষয়টা কি এমন যে, নাসীরকে হত্যা করে জামায়াত-শিবির বিএনপি সরকার পতনের আন্দোলন করতে চেয়েছিল?
রাশেদ খাঁন বলেন, বিষয়টা নাসীরুদ্দীনের উপলব্ধি করা উচিত। আগে সে জামায়াত-শিবিরকে ভারতের এক্সটেনশন, ভন্ড, প্রতারক, সংস্কারবিরোধী এমনকি দলের নাম পরিবর্তন ও ইসলাম নাম কেন ব্যবহার করে ইত্যাদি বলেছে। সেই ক্ষোভ মেটাতে এবং বিএনপির ওপর দায় চাপানোর রাজনীতি করছে না তো জামায়াত-শিবির?
রাশেদ খাঁন অভিযোগ করে বলেন, অথচ সে (নাসীরুদ্দীন পাটওয়ারী) দায় চাপাতে চাইলো আইনমন্ত্রী, আমি ও জেলা পরিষদের প্রশাসকের ওপরে। কিন্তু সত্যতা জাতির সামনে হাজির হয়ে গেল।
পোস্টের শেষে রাশেদ বলেন, ঠিক ওসমান হাদি হত্যাকাণ্ডের পরে এভাবেই মির্জা আব্বাসের ওপর দায় চাপাতে চেয়েছিল। কিন্তু দেখা গোলো খুনিরা হাদির সঙ্গেই ছিল। ঠিক আজকের অস্ত্রধারীরাও নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে ছিল। শহীদ ওসমান হাদির ঘটনার সঙ্গে আজকের ঘটনা হুবহু মিলে যাচ্ছে।