এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। সবশেষ সমন্বয় অনুযায়ী শনিবার (২৩ মে) নতুন দামেই বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতু। তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম।
বৃহস্পতিবার (২১ মে) নতুন মূল্য ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংস্থাটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। ওইদিন সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়।
নতুন দাম অনুযায়ী দেশে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায় বিক্রি হচ্ছে।
এর আগে, গত ২০ মে সোনার দাম কমিয়েছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। অর্থাৎ সর্বশেষ ঘোষণায় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বেড়েছে সোনার দাম।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৬৭ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৬ বার দাম বেড়েছে এবং ৩১ বার কমেছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।
অন্যদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৬৫৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৪১ টাকায় বিক্রি হচ্ছে।
চলতি বছরে এখন পর্যন্ত ৩৯ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২১ বার দাম বেড়েছে এবং ১৮ বার কমেছে। ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল মোট ১৩ বার; যার মধ্যে ১০ বার বেড়েছিল এবং ৩ বার কমেছিল।