বুধবার, ০৩ জুন, ২০২৬, ০৭:৪৯:২৪

পড়ে থাকা মায়ের পচন ধরা লাশ; দায়িত্ব থেকে প্রত্যাহার সেই যুগ্ম সচিব ছেলেকে

পড়ে থাকা মায়ের পচন ধরা লাশ; দায়িত্ব থেকে প্রত্যাহার সেই যুগ্ম সচিব ছেলেকে

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নূর জাহান বেগমের মৃত্যুকে ঘিরে দেশজুড়ে ব্যাপক আলোচনার মধ্যেই তার ছেলে যুগ্ম সচিব ড. এ কে এম আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে সরকার।

বুধবার (৪ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আনিসুর রহমান বর্তমানে মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নির্ধারিত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে রাজধানীর মিরপুর-১১ এলাকার একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী নূর জাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। দীর্ঘ সময় পড়ে থাকার কারণে মরদেহটি পচে যায় এবং সেখানে পোকার উপস্থিতির কথাও জানায় পুলিশ। ঘটনাটি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নূর জাহান বেগম তার মেয়ের সঙ্গে ওই বাসায় বসবাস করতেন। তার এক ছেলে যুগ্ম সচিব, আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এবং এক মেয়ে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত।

ঘটনার পর প্রতিবেশী ও স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পরিবারের অবহেলায় তিনি মানবেতর জীবনযাপন করছিলেন, যা তার মৃত্যুকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি করেছে।

সংশ্লিষ্টদের মতে, ঘটনাটি সামনে আসার পর সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার পারিবারিক দায়িত্ব ও নৈতিক দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে বিষয়টি প্রশাসনিক পর্যায়েও বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে