এমটিনিউজ২৪ ডেস্ক : জনদুর্ভোগ লাঘবে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে নিয়েছে সরকার।
বুধবার (৩ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে দেশবাসীকে এই বড় সুখবরটি নিশ্চিত করেছে।
মিডিয়া সেলের পোস্টে জানানো হয়, বিএনপি সরকারের ১০০ দিনের মাথায় সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করতে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহারের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটি বর্তমান সরকারের জনদুর্ভোগ লাঘবের প্রতিশ্রুতিরই একটি অংশ।
এর আগে গত ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু গ্রাহকদের আশ্বস্ত করে বলেছিলেন, বিদ্যুতের প্রিপেইড মিটারে চলমান মাসিক ভাড়া বা মিটার চার্জ দ্রুতই প্রত্যাহার করা হবে। মন্ত্রীর সেই ঘোষণার ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত কার্যকর হলো।
উল্লেখ্য, এতদিন পর্যন্ত প্রিপেইড মিটারে প্রতি কিলোওয়াটে মাসিক ডিমান্ড চার্জ ৪২ টাকা এবং সিঙ্গেল ফেজে মিটার ভাড়া বাবদ ৪০ টাকা কেটে নেয়া হতো। শুধু তাই নয়, এই চার্জের সঙ্গে অতিরিক্ত আরও ৫ শতাংশ ভ্যাট যুক্ত হয়ে গ্রাহকদের বিলের একটি বড় অংশ কেটে নেয়া হচ্ছিল। কোনো বিদ্যুৎ ব্যবহার না করলেও প্রতি মাসে এই বাড়তি টাকা কেটে নেয়ার কারণে সারা দেশের সাধারণ গ্রাহকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছিল।