বুধবার, ১০ জুন, ২০২৬, ০৯:১৩:৪৩

এবার বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় দেশ

এবার বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় দেশ

এমটিনিউজ২৪ ডেস্ক : সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন ২০২৬-এর ফাঁকে মরিশাসের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী অংশ নেন।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী গত সোমবার (৮ জুন) সকাল সাড়ে ৯টায় জেনেভাস্থ জাতিসংঘ কার্যালয়ের সভাকক্ষে মরিশাসের শ্রমমন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিমের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 বৈঠকে দুই দেশের মধ্যে বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু বাংলাদেশি শ্রমিকদের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই শ্রমবাজার পুনরায় সচল করতে দ্রুত সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
 
বৈঠকে মরিশাসের শ্রমমন্ত্রী জানান, বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগে তার দেশ আগ্রহী। বিশেষ করে টেক্সটাইল শিল্পে দক্ষ কর্মীর চাহিদা রয়েছে। তিনি জানান, শ্রমবাজার পুনরায় চালুর লক্ষ্যে শিগগিরই সমঝোতা স্মারকের একটি খসড়া বাংলাদেশে পাঠানো হবে।
 
এছাড়া মরিশাস সরকার বাংলাদেশের টেক্সটাইল খাতে বিনিয়োগের বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে বলে বৈঠকে জানানো হয়।
 
বৈঠকে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক মরিশাস সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, টেক্সটাইল ছাড়াও ডাক্তার, প্রকৌশলী, নার্স ও অ্যাকাউন্টেন্টসহ বিভিন্ন খাতে দক্ষ জনশক্তি পাঠাতে বাংলাদেশ আগ্রহী।
 
তিনি দ্রুত সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য মরিশাস সরকারের প্রতি আহ্বান জানান এবং মরিশাসের শ্রমমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

 বৈঠকে বাংলাদেশের পক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী মিশনের প্রতিনিধি নাহিদা সোবহান, উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবুল ইসলাম এবং বাংলাদেশ মিশনের প্রথম সচিব মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে