বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ০২:৩৫:৫৫

ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা জারি, অন্যথায় ব্যবস্থা

ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা জারি, অন্যথায় ব্যবস্থা

এমটিনিউজ২৪ ডেস্ক : ভূমি উন্নয়ন কর আদায় জোরদার করতে ভূমি উন্নয়ন কর (এলডি ট্যাক্স) সিস্টেমে জমা থাকা হোল্ডিং খোলার আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।

একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন নিষ্পত্তি না করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরম্যান্স (ডিকেএমপি) অনুবিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

উপসচিব সাদেকুর রহমান স্বাক্ষরিত এ নির্দেশনা দেশের সব জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। তবে তিন পার্বত্য জেলাকে এ নির্দেশনার আওতার বাইরে রাখা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, বর্তমানে ভূমি উন্নয়ন কর সিস্টেমে প্রায় ১ লাখ ২৮ হাজার নাগরিকের হোল্ডিং খোলার আবেদন ভূমি সহকারী কর্মকর্তাদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ফলে ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ অবস্থায় অনুমোদনের অপেক্ষায় থাকা সব আবেদন দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে।

এতে আরো বলা হয়, কোনো সুনির্দিষ্ট ও যৌক্তিক কারণ ছাড়া নাগরিকদের হোল্ডিং খোলার আবেদন বাতিল করা যাবে না।

আবেদন অনুমোদনযোগ্য না হলে, বাতিলের ক্ষেত্রে যথাযথ কারণ উল্লেখ করতে হবে, যাতে আবেদনকারী নাগরিকরা সিদ্ধান্তের কারণ জানতে পারেন।

ভূমি মন্ত্রণালয় সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের উদ্দেশে জারি করা নির্দেশনায় উল্লেখ করেছে, যেসব ভূমি সহকারী কর্মকর্তা বা ভূমি উপসহকারী কর্মকর্তা হোল্ডিং খোলার আবেদন দ্রুত নিষ্পত্তি করছেন না, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ভূমি উন্নয়ন কর ব্যবস্থাকে আরো কার্যকর ও নাগরিকবান্ধব করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে