বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ০২:৪০:৫৩

উদ্ধার করা হয়েছে শূন্যরেখায় আটকা পড়া সেই বৃদ্ধকে, জানা গেছে পরিচয়

উদ্ধার করা হয়েছে শূন্যরেখায় আটকা পড়া সেই বৃদ্ধকে, জানা গেছে পরিচয়

এমটিনিউজ২৪ ডেস্ক : জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তের শূন্যরেখায় প্রায় ২৪ ঘণ্টা অবস্থান করা সেই বৃদ্ধকে উদ্ধার করে বকশীগঞ্জ থানায় নেওয়া হয়েছে। ওই বৃদ্ধ বাংলাদেশি এবং মিলেছে পরিচয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ১০৮২ নম্বর পিলারের সামনে শূন্যরেখা থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া বৃদ্ধের নাম ষষ্টি চন্দ্র বর্মণ। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চান্দলাই গ্রামের বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা গেছে, গত প্রায় ২৪ ঘণ্টা ধরে তিনি সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিলেন।

শূন্যরেখায় অবস্থান করার সময়ে ওই বৃদ্ধ বিভিন্ন তথ্য দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পরিবারের সদস্যরা বিজিবির সঙ্গে যোগাযোগ করেন। পরে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর বিজিবি তাকে সীমান্ত এলাকা থেকে উদ্ধার করে বকশীগঞ্জ থানায় নিয়ে যায়।

এর আগে বুধবার ওই বৃদ্ধকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টাকে কেন্দ্র করে কামালপুর সীমান্তে স্থানীয় বাসিন্দা, বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে দিনভর উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে ছিল উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন বলেন, ‘বিজিবি সীমান্ত থেকে এক বৃদ্ধকে থানায় নিয়ে এসেছে। তার স্বজনরা রাজশাহী থেকে ইতোমধ্যে রওনা দিয়েছেন। তার স্বজনরা এলে যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে