এমটিনিউজ২৪ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকগুলোতে বাংলাদেশের সঙ্গে চীন ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি এবং কারিগরি শিক্ষার প্রসারের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কারিগরি শিক্ষার পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ (পিপল-টু-পিপল কন্টাক্ট) বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। বৈঠকের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ২০২৬-২৭ সেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানান চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
এদিকে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আশা প্রকাশ করা হয়। বৈঠকে বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ সম্প্রসারণ এবং বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়, যা নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে। এ ছাড়া ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশিক্ষণ খাতে সহযোগিতার প্রস্তাব দেন। পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর পর এভিয়েশন খাতে বিনিয়োগে যুক্তরাজ্যের আগ্রহের কথা জানান তিনি।
দুটি বৈঠকেই পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।