এমটিনিউজ২৪ ডেস্ক : এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি কার্যক্রমে অংশগ্রহণে ডাটা এন্ট্রি ও তথ্য যাচাইয়ের সময়সীমা বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্কুল ও কলেজ পর্যায়ের প্রতিষ্ঠান প্রধানরা আগামী ২৫ জুন পর্যন্ত অনলাইনে তথ্য ইনপুট, যাচাই এবং চূড়ান্ত অনুমোদনের কাজ সম্পন্ন করতে পারবেন।
রবিবার (২১ জুন) মাউশির পরিচালক (মাধ্যমিক) মো. সাখাওয়াত হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্কুল পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের তথ্য ইনপুট, ভেরিফিকেশন ও চূড়ান্ত অনুমোদনের শেষ তারিখ ২৫ জুন পর্যন্ত করা হয়েছে। এরপর উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা আগামী ৫ জুলাই পর্যন্ত যাচাই কার্যক্রম পরিচালনা করতে পারবেন। জেলা শিক্ষা কর্মকর্তাদের চূড়ান্ত অনুমোদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৫ জুলাই পর্যন্ত।
কলেজ পর্যায়েও প্রতিষ্ঠান প্রধানদের তথ্য ইনপুট, যাচাই ও চূড়ান্ত অনুমোদনের শেষ তারিখ ২৫ জুন। এরপর আঞ্চলিক উপপরিচালক (কলেজ) পর্যায়ে যাচাই কার্যক্রম ৫ জুলাই পর্যন্ত চলবে। আর আঞ্চলিক পরিচালকদের চূড়ান্ত অনুমোদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৫ জুলাই পর্যন্ত।