মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ০৯:২৬:০২

এবার এক দফায় বড় ধরনের উল্লম্ফন ঘটেছে স্বর্ণের দামে

এবার এক দফায় বড় ধরনের উল্লম্ফন ঘটেছে স্বর্ণের দামে

এমটিনিউজ২৪ ডেস্ক : টানা দুইবার কমার পর এবার এক দফায় বড় ধরনের উল্লম্ফন ঘটেছে স্বর্ণের দামে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের সংকট ও আন্তর্জাতিক দামের প্রভাবের কারণে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য নির্ধারণ করেছে, যেখানে ভরিতে সর্বোচ্চ চার হাজার ৪৩২ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

গতকাল সোমবার (২২ জুন) সকাল থেকে নতুন এই চড়া দাম কার্যকর করেছে। সেই হিসাবে নতুন দাম না আসলে মঙ্গলবারও (২৩ জুন) বাড়তি দামে স্বর্ণ কিনতে হবে। এখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ভ্যাটসহ পকেট থেকে খসবে দুই লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।

নতুন ঘোষণা অনুযায়ী, শুধু ২২ ক্যারেটই নয়, ২১ ক্যারেটের ভরি দুই লাখ ২০ হাজার ৩৯১ টাকা এবং ১৮ ক্যারেটের দাম দাঁড়িয়েছে এক লাখ ৮৯ হাজার ২৪৮ টাকায়। তবে স্বর্ণের বাজারে এই আগুন লাগলেও রুপার বাজারে আপাতত স্বস্তি রয়েছে— সব ধরনের রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। চলতি বছরেই এ নিয়ে প্রায় ৭৯ বার স্বর্ণের দাম ওঠানামা করল, যা সাধারণ ক্রেতাদের রীতিমতো দিশেহারা করে তুলেছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে। রুপার অলঙ্কারের ভ্যাটের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে, সবশেষ গত ২০ জুন সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন। সেদিন প্রতি ভরিতে দুই হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ২৬ হাজার ৩৪০ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৬ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৫১ হাজার ৬৯০ টাকা নির্ধারণ করা হয়, যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।

এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৭৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪০ দফা দাম বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৩৮ দফা এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

অন্যদিকে, দেশে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে পাঁচ হাজার ২৪৯ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি পাঁচ হাজার ১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি চার হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ২০৮ টাকায় বেচাকেনা হচ্ছে।

এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৪৭ দফা সমন্বয় করা হয়েছে, যেখানে ২৪ দফা বাড়ানো হয়েছে এবং ২৩ দফা কমানো হয়েছে। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ১০ বার বেড়েছিল এবং ৩ বার কমেছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে