শনিবার, ২৭ জুন, ২০২৬, ০৩:৪৬:৩৮

কুমিল্লায় রেস্টুরেন্টে খাওয়ার পর বাচ্চা রেখে চলে গেল এক বিদেশি পরিবার

কুমিল্লায় রেস্টুরেন্টে খাওয়ার পর বাচ্চা রেখে চলে গেল এক বিদেশি পরিবার

এমটিনিউজ২৪ ডেস্ক : কুমিল্লায় মহাসড়কের পাশে একটি রেস্টুরেন্টে খাওয়ার পর ভুলবশত একটি শিশুকে রেখে রেস্টুরেন্ট ত্যাগ করেছে এক বিদেশি পরিবার।

শনিবার (২৭ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মোস্তাফাপুর এলাকায় অবস্থিত জাইতুন রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

কুমিল্লা দক্ষিণ মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জাইতুন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী লুৎফুর রহমান রিপন জানান, ভারতের কাশ্মিরি একটি পরিবার শনিবার সকালে দুটি গাড়িতে করে প্রায় ১৫ জন সদস্য জাইতুন রেস্টুরেন্টে নাস্তা করেন। তারা চলে যাওয়ার সময় ভুলবশত শিশুটিকে রেখে চলে যান। শিশুটি কথা বলতে পারে না। তার বয়স দেড় থেকে দুই বছর হবে। পরে আমরা থানায় অবহিত করেছি।

ওসি রকিবুল ইসলাম বলেন, রেস্টুরেন্ট কর্তৃপক্ষের মাধ্যমে খবরটি পেয়েছি। পরে সমাজসেবা অফিসারের মাধ্যমে পরিবারটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা আসছেন, পথে আছেন। এসে পৌঁছালে আইনানুসারে শিশুটিকে হস্তান্তর করা হবে।

সদর দক্ষিণ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীমা শারমিন বলেন, পরিবারটিকে খবর দেওয়া হয়েছে। তারা কোথা থেকে এসেছেন, কোথায় যাচ্ছিলেন বিস্তারিত কিছুই জানতে পারিনি। তবে তারা কাশ্মিরি বলে জানতে পেরেছি। তারা এসে পৌঁছালে বিস্তারিত জানতে পারব।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (শনিবার দুপুর সোয়া ১টা) শিশুটি রেস্টুরেন্টেই আছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে