এমটিনিউজ২৪ ডেস্ক : পরীক্ষা শেষ হওয়ার প্রায় আড়াই মাস পার হলেও ফলের অপেক্ষায় দিন গুনছে প্রাথমিক বৃত্তির পরীক্ষার্থীরা। অবশেষে আগামী ৯ জুলাই এই প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে বলে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্রে জানা গেছে।
বুধবার (১ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ফল প্রকাশের সম্ভাব্য এই তারিখ নিয়ে আলোচনা হয়। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কারিগরি বা প্রশাসনিক জটিলতা তৈরি না হলে ওই দিনই আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে বলে অধিদফতরের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৮ জুন অধিদফতরের উপপরিচালক (সংস্থাপন) এ এস এম সিরাজুদ্দোহা জানিয়েছিলেন, চলতি সপ্তাহে ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব প্রস্তুতি সম্পন্ন করতে আরও কিছু সময়ের প্রয়োজন হওয়ায় জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশের ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের তথ্য অনুযায়ী, এবারের বৃত্তি পরীক্ষায় সারা দেশের মোট ৬ লাখ ৪০ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী প্রায় সাড়ে ৫ লাখ এবং বেসরকারি বিদ্যালয় থেকে অংশ নিয়েছে প্রায় ৯০ হাজার শিক্ষার্থী।
সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার মোট ৮২ হাজার ৫০০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হবে। এর মধ্যে ‘ট্যালেন্টপুল’ বা মেধাবৃত্তি পাবে ৩৩ হাজার শিক্ষার্থী। এই মেধাবৃত্তির মধ্যে সরকারি বিদ্যালয়ের জন্য ২৭ হাজার ৫০০ এবং বেসরকারি বিদ্যালয়ের জন্য ৫ হাজার ৫০০টি কোটা নির্ধারিত রয়েছে। অন্যদিকে সাধারণ বৃত্তি পাবে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী। যার মধ্যে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৪১ হাজার ২৫০টি এবং বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৮ হাজার ২৫০টি বৃত্তি পাবে।