শনিবার, ০৪ জুলাই, ২০২৬, ০৯:৫৩:০২

কখন হবে স্থানীয় সরকার নির্বাচন, কখন হবে বিএনপির প্রার্থী চূড়ান্ত, যা বলছে সূত্র

কখন হবে স্থানীয় সরকার নির্বাচন, কখন হবে বিএনপির প্রার্থী চূড়ান্ত, যা বলছে সূত্র

এমটিনিউজ২৪ ডেস্ক : স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। তবে সম্ভাব্য রোডম্যাপ অনুযায়ী সেপ্টেম্বর-অক্টোবরে নির্বাচনি কর্মযজ্ঞ শুরু হওয়ার কথা। আইন অনুযায়ী এবারের স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়। তাই আইনগতভাবে দলীয় প্রার্থী ঘোষণা করার সুযোগ থাকছে না। জাতীয় নির্বাচনে বিজয়ের পর মাঠপর্যায়ে দলের অবস্থান সংহত করতে ভেতরে ভেতরে জোর প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন দল বিএনপি। তবে নির্বাচনি রোডম্যাপ চূড়ান্ত না হওয়ায় এখনই কাউকে দলীয় সমর্থন দেবে না দলটি। নীতিনির্ধারকরা বলছেন, তফসিল ঘোষণার পরই চূড়ান্ত করা হবে প্রার্থী তালিকা। এরপর স্থানীয়ভাবে একক প্রার্থীতে সমর্থন দেবে দলটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আসন্ন সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দিতে মাঠপর্যায় থেকে তথ্য সংগ্রহ করছেন দায়িত্বশীল নেতারা। কুরবানির ঈদে সম্ভাব্য প্রার্থীদের শোডাউনের পর নানা হিসাব-নিকাশ করছেন তারা। ‘বিদ্রোহী প্রার্থী’ জটিলতা এড়াতে এবার দলের ত্যাগী এবং পরিচ্ছন্ন নেতারাই মনোনয়নে অগ্রাধিকার পাবেন।

বিএনপির স্থায়ী কমিটির দুজন সদস্য জানান, আগে থেকেই স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে প্রস্তুতি নেওয়া আছে। নানা কারণে এখনই প্রার্থী তালিকা প্রস্তুত করতে চান না নীতিনির্ধারকরা। তারা বলছেন-তফসিল ঘোষণা হলে আইনি বিধিবিধান মেনে দলীয় প্রার্থী নির্ধারণ বা সমর্থন করা হবে। ফ্যাসিবাদ আমলে ত্যাগী ও এলাকায় জনপ্রিয় নেতাদের এক্ষেত্রে মূল্যায়ন করা হবে।

তারা এমনটাও বলছেন, এবার স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। এছাড়া নির্দলীয় নির্বাচন উপহার দিতে চাচ্ছে সরকার। বিএনপি ক্ষমতাসীন দল হওয়ায় বর্তমানে একাধিক সম্ভাব্য প্রার্থী মাঠে সক্রিয় রয়েছেন। সেক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে কাউকে প্রার্থী ঘোষণা করা নাও হতে পারে। তবে নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়ার আগেই সব ধরনের প্রস্তুতি শেষ করবে বিএনপি। এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে কেন্দ্র থেকে কোনো বার্তা পায়নি তৃণমূল।

নেতাকর্মীরা বলছেন, জাতীয় নির্বাচনের পর থেকেই সম্ভাব্য প্রার্থীরা নিজ এলাকায় কাজ করছেন। পোস্টার-ফেস্টুনের মধ্য দিয়ে প্রার্থিতার পূর্বাভাস দিচ্ছেন এবং অঘোষিতভাবেই প্রচারণা চালাচ্ছেন। স্থানীয় সরকার বিভাগে দলীয়ভাবে নিযুক্ত প্রশাসকদের অনেকেই নির্বাচনি প্রস্তুতির কথা জানিয়েছেন যুগান্তরকে।

বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৬ জুন জাতীয় সংসদে তিনি বলেছেন, ‘আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।’ মন্ত্রী বলেন, ‘বাজেট প্রাপ্যতার ভিত্তিতে পর্যায়ক্রমে নির্বাচনগুলো হবে। এক্ষেত্রে প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে। এরপর ধাপে ধাপে অন্য নির্বাচন হবে। নবগঠিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে সম্পন্ন করা হবে।’ পরে ৩০ জুন সংসদে মন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন এরইমধ্যে প্রস্তুতি শুরু করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে