শনিবার, ০৪ জুলাই, ২০২৬, ১২:৩৫:০৫

যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

এমটিনিউজ২৪ ডেস্ক : বরিশাল-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসযাত্রী ও ট্রাকের চালক-হেলপারসহ অন্তত ৭ জন আহত হয়েছেন।

শনিবার (৪ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

 হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বরগুনার পাথরঘাটাগামী ‘আলিফ পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সংঘর্ষে বাস ও ট্রাকের সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায়। এতে বাসে থাকা ৫ জন যাত্রী এবং ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গৌরনদী ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা। তারা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
 
গৌরনদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করেছে। দুর্ঘটনাকবলিত যান দুটি সড়ক থেকে সরিয়ে নেয়ায় বর্তমানে বরিশাল-ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে