শনিবার, ০৪ জুলাই, ২০২৬, ১০:১২:১৬

অহঙ্কার যে একটি দেশ ধ্বংস করতে পারে, তার প্রমাণ হচ্ছে শেখ হাসিনা: সোহেল তাজ

অহঙ্কার যে একটি দেশ ধ্বংস করতে পারে, তার প্রমাণ হচ্ছে শেখ হাসিনা: সোহেল তাজ

এমটিনিউজ২৪ ডেস্ক : একজন মানুষের ইগো যে দেশ এবং দলকে ধ্বংস করতে পারে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রমাণ বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

শনিবার (৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এমনই কড়া ভাষায় শেখ হাসিনার সমালোচনা করেছেন তিনি। 

মূলত, জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ঘোষণা করেছেন, এ বছরই দেশে ফিরছেন তিনি। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে দেশে-বিদেশে। এবার এতে যুক্ত হলেন তার সরকারের এক সময়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজও। 

নিজ স্ট্যাটাসে তিনি লিখেন, ‘একজন মানুষের ইগো বা অহঙ্কার যে একটি দেশ এবং দলকে ধ্বংস করতে পারে, তার প্রমাণ হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার।’

সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার প্রসঙ্গে সোহেল তাজ লিখেন, ‘গণহত্যা, গুম, খুন, দুর্নীতি করে, গণতন্ত্র কবর দিয়ে, মুক্তিযুদ্ধের চেতনাকে অপব্যবহার করে, দেশ এবং মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, আওয়ামী লীগকে ধ্বংস করে, ছাত্র-জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে গিয়ে, দুর্নীতি ও লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে, সেই টাকার পাহাড়ে বসে আবার এখন ফেরার কথা বলে আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদে ফেলার আরেকটি ভণ্ডামি করছে।’

দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে একই আসন থেকে দ্বিতীয়বার জয় পান তিনি।

সোহেল তাজ ২০০৯ সালের ৬ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তবে, ব্যক্তিগত কারণ দেখিয়ে একই বছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি। ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন তিনি। সে সময় তার পদত্যাগপত্র গ্রহণ করা না হলেও একই বছর ৭ জুলাই তিনি আবার পদত্যাগপত্র দিলে সেটি গ্রহণ করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে