বুধবার, ০৮ জুলাই, ২০২৬, ০৯:৫৯:২৮

যেসব জেলায় বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত‎

যেসব জেলায় বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত‎

এমটিনিউজ২৪ ডেস্ক : ‎‎চট্টগ্রাম বিভাগের তিন জেলা চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজার জেলায় বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় স্থগিত ঘোষণা করা হয়েছে।

‎‎বৈরি আবহাওয়ার কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে এদিন খাগড়াছড়ি ও বান্দরবান জেলা এবং অন্যান্য এলাকায় এইচএসসি ও সমমান পরীক্ষা চলবে।

‎‎মঙ্গলবার (৭ জুলাই) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে প্রথমে চট্টগ্রাম ও রাঙামাটি জেলার পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়। পরে আরেক বিজ্ঞপ্তিতে কক্সবাজার জেলার পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

‎‎কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিগুলোতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজার জেলায় বুধবারের এইচএসসি, আলিম এবং এইচএসসি বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়। স্থগিত পরীক্ষার সূচি পরে জানানো হবে।

এদিন অন্যান্য শিক্ষা বোর্ড ও চট্টগ্রাম বোর্ডের আওতাধীন খাগড়াছড়ি ও বান্দরবান জেলার পরীক্ষা যথারীতি চলবে বলে বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

‎‎চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে। যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতির কথা বিবেচনা করে প্রতিটি বিষয়ে তিন সেট করে প্রশ্ন করা হয়েছে বলে পরীক্ষা শুরুর আগের দিন গত ১ জুলাই সংবাদ সম্মেলনে জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

‎‎চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়। এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৭০ হাজার নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে