এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় বেশির ভাগ সবজির দাম এখন ক্রেতাদের নাগালের মধ্যে। খুচরা বাজারে বেশির ভাগ সবজি প্রতি কেজি ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
মুরগি ও মাছের দাম এখনো তুলনামূলকভাবে বেশি। দেশীয় টমেটোর সরবরাহ না থাকায় আমদানিনির্ভর বাজারে টমেটো অত্যধিক চড়া দামে বিক্রি হচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর জোয়ারসাহারা, বাড্ডা ও মহাখালী কাঁচাবাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।
বাজার ঘুরে দেখা গেছে, সবজির দাম কম থাকায় ডিমের চাহিদা কিছুটা কমেছে।
ফলে ডিমের বাজারেও স্থিতিশীলতা বজায় রয়েছে। বর্তমানে ফার্মের মুরগির ডিম প্রতি ডজন ১২০ থেকে ১২৫ টাকা।
সরবরাহ কমে যাওয়ার অজুহাতে বাড়তি দামে বিক্রি হচ্ছে মুরগি। বর্তমানে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকা এবং সোনালি মুরগি মানভেদে প্রতি কেজি ৩১০ থেকে ৩৫০ টাকা।
বিক্রেতারা বলছেন, বাজারে মুরগির সরবরাহ কিছুটা কমে যাওয়ায় দাম বেড়েছে। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত দাম কমার সম্ভাবনা কম।
সবজির বাজার ঘুরে দেখা গেছে, ঢেঁড়স ও পটোল প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, বরবটি ৬০ থেকে ৭০ টাকা এবং ঝিঙা ৬০ থেকে ৭০ টাকা ও করলা ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুনের দাম তুলনামূলকভাবে কিছুটা বেশি। বেগুন জাতভেদে প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
পেঁপে ৪০ টাকা, কচুমুখি ৬০ টাকা, শসা ৬০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গাজরের কেজি ১২০ টাকা। চালকুমড়া ও লম্বা লাউ প্রতিটি ৫০ থেকে ৬০ টাকা। তবে সবজির বাজারে সবচেয়ে বেশি দামের পণ্য টমেটো। দেশি টমেটোর সরবরাহ না থাকায় বর্তমানে ভারত থেকে আমদানীকৃত টমেটোই বাজারে পাওয়া যাচ্ছে। এর দাম প্রতি কেজি মানভেদে ২৪০ থেকে ৩০০ টাকা। সাধারণ ক্রেতার জন্য তা অনেকটা নাগালের বাইরে।
জোয়ারসাহারা বাজারের সবজি বিক্রেতা মো. মিলন খান বলেন, ‘এখন বাজারে বেশির ভাগ সবজি আগের চেয়ে কম দামে বিক্রি হচ্ছে। টমেটো ভারত থেকে আমদানি হওয়ায় দাম বাড়তি।’ নিত্যপ্রয়োজনীয় মসলাজাতীয় পণ্যের মধ্যে পেঁয়াজ কেজিপ্রতি ৪০ টাকা, আমদানীকৃত রসুন ১৫০ থেকে ১৬০ টাকা, দেশি রসুন ৮০ থেকে ১০০ টাকা এবং আদা ১৫০ থেকে ১৬০ টাকা। আলু জাতভেদে প্রতি কেজি ৩০ থেকে ৪০ টাকা।
চট্টগ্রামে জলজটে নিত্যপণ্যের দাম বেড়েছে : চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানান, টানা বর্ষণে চট্টগ্রাম নগরে সৃষ্ট জলজটের প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। বৃষ্টির অজুহাতে বন্দরনগরীর সবচেয়ে বড় কাঁচাবাজার রিয়াজউদ্দিন বাজার, চকবাজার কাঁচাবাজার, বহদ্দারহাট কাঁচাবাজারে সবজি, মাছ ও মুরগির দাম আরো এক দফা বেড়েছে। এতে নিত্যপণ্য কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের ক্রেতারা।
গতকাল চট্টগ্রামের কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, সরবরাহ কম থাকার অজুহাতে প্রায় প্রতিটি পণ্যের দাম কেজিতে ১৫ থেকে ৩৫ টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। সবচেয়ে বেশি দাম বেড়েছে সবজির। বাজারে মানভেদে বেগুন কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়। ৩০ টাকার কাঁকরোল ঠেকেছে ৬৫ টাকায়। অন্যান্য সবজির মধ্যে টমেটো কেজিতে ১৫ টাকা বেড়ে ৭৫ টাকা, বরবটি ৩০ টাকা থেকে বেড়ে ৫৫ টাকা, পটোল ৩০ টাকা থেকে বেড়ে ৪৫ টাকা এবং ঝিঙা ৫০ টাকা থেকে বেড়ে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ঢেঁড়স কেজিতে ২৫ থেকে বেড়ে ৪৫ টাকা, কাঁচা মরিচ কেজিপ্রতি ৮৫ টাকায় বিক্রি হয়। প্রতি পিস লাউ ৫০ টাকা এবং প্রতি হালি কাঁচকলা ৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। মুরগি ও মাছের দামও বেড়েছে। ব্যবসায়ীরা জানান, ব্রয়লার মুরগির দাম কেজিতে ১৫ টাকা বেড়ে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল ১৫৫ টাকা।