এমটিনিউজ২৪ ডেস্ক : রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলায় বন্যায় যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম বঙ্গলতলী ও রূপকারী ইউনিয়নের বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাঘাইহাট সেনা জোন।
জোন সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ করা হলেও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বঙ্গলতলী ও রূপকারী ইউনিয়নে ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি।
এ পরিস্থিতিতে শনিবার (১১ জুলাই) বিকেল থেকে বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়া শুরু হয়।
সেনাবাহিনীর সদস্যরা দুর্গম এলাকায় গিয়ে বন্যার্তদের ঘরে ঘরে ত্রাণসামগ্রী পৌঁছে দেন। একই সঙ্গে তারা ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং দুর্যোগের এ সময়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
ত্রাণ ও খাদ্যসামগ্রী পেয়ে বন্যাকবলিত পরিবারগুলো বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। তারা জানান, দুর্যোগের এ কঠিন সময়ে সেনাবাহিনীর দ্রুত মানবিক সহায়তা তাদের দুর্ভোগ অনেকাংশে লাঘব করেছে।
বাঘাইহাট সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়, দেশের যে-কোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।