রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১০:৪১:০৬

টানা বৃষ্টি, এখন পর্যন্ত নিহত ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের উপরে

টানা বৃষ্টি, এখন পর্যন্ত নিহত ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের উপরে

এমটিনিউজ২৪ ডেস্ক : টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এছাড়া ৩৯ জন আহত হয়েছেন। বর্তমানে ২ লাখ ৬৭ হাজার ৯১৮টি পরিবার পানিবন্দি অবস্থায় দিন পার করছে। বন্যায় মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন।

রোববার (১২ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সবশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, দেশের মোট ৭টি জেলা যথাক্রমে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, মৌলভীবাজার ও হবিগঞ্জ বন্যা ও জলাবদ্ধতার কবলে পড়েছে। এসব জেলার মোট ৫৯টি উপজেলা, ৩৬৮টি ইউনিয়ন এবং ১২টি পৌরসভা জলাবদ্ধতার কবলে পড়েছে।
 
এখন পর্যন্ত সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কক্সবাজারে। সেখানে পাহাড় ধস ও বন্যাজনিত কারণে মোট ২৮ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ জনের প্রাণহানি হয়েছে চট্টগ্রাম জেলায়। এছাড়া বান্দরবানে বন্যা ও পাহাড় ধসে ৬ জন, রাঙামাটিতে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সবমিলিয়ে এখন পর্যন্ত ৩৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

চট্টগ্রাম জেলায় সর্বোচ্চ ১ লাখ ৪৭ হাজার ৫০০টি পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। সেখানে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫ লাখ ৯৫ হাজারে। এছাড়া কক্সবাজারে বর্তমানে পানিবন্দি অবস্থায় ৩৯ হাজার ৫০৬টি পরিবারের ১ লাখ ৫৮ হাজার ২৭ জন মানুষ চরম সংকটে দিন কাটাচ্ছেন।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুর্গত এলাকার মানুষের জন্য ইতোমধ্যে সরকারিভাবে ১ হাজার ১৩১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। যেখানে ৪৪ হাজার ৪৫৭ জন আশ্রয় নিয়েছেন। এছাড়া গত ৭ থেকে ১২ জুলাই পর্যন্ত বন্যাকবলিত সাত জেলার জন্য ১ কোটি ৭৫ লাখ টাকা এবং ৩ হাজার ২৫০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে