রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ০৪:১৬:০৯

ব্রেক বিকল হয়ে খালে গিয়ে পড়ল যাত্রীবাহী বাস, নিহত ১

ব্রেক বিকল হয়ে খালে গিয়ে পড়ল যাত্রীবাহী বাস, নিহত ১

এমটিনিউজ২৪ ডেস্ক : মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় সেলফি পরিবহণের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একজন নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন।

রোববার (১৯ জুলাই) সকাল আনুমানিক ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সেলফি পরিবহণের বাসটি প্রায় ৫০ থেকে ৬০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে বাসটির ব্রেক বিকল হয়ে যায়। পরে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের দুই সেতুর মাঝখানের খালে পড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই মো. দেলোয়ার হোসেন (৫০) নামে এক যাত্রীর মৃত্যু হয়। তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার ফুলহারা গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় অন্তত ৪০ থেকে ৪৫ জন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন ও উদ্ধারকারীরা তাদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল এবং মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে শিবালয় থানা পুলিশ, বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ি এবং শিবালয় ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

শিবালয় থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে