এমটিনিউজ২৪ ডেস্ক : স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হবে না, তাই প্রতিটি ক্ষেত্রে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২০ জুলাই) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিগত যুগপৎ আন্দোলন সংগ্রামে শরিক দল ও জোটের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় শেষ প্রেস ব্রিফিংয়ে।
সরকারে আসার পাঁচ মাসে ব্যস্ততার কারণে শরিকদের সঙ্গে বাসার সুযোগ পাননি প্রধানমন্ত্রী। অনেকদিন পর শরিকদের সঙ্গে সাক্ষাতের সময় আবগঘন পরিবেশ তৈরি হয়।
মির্জা ফখরুল বলেন, ‘সরকার গঠনের পাঁচ মাস পর আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর এ বৈঠক একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। বৈঠকে ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী বৈঠকে উল্লেখ করেছেন যে দায়িত্ব গ্রহণের পর অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় সব রাজনৈতিক দলের সঙ্গে নিয়মিত আলোচনা সম্ভব হয়নি। তবে সরকার জনগণের কাছে পৌঁছানোর লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে।’
প্রধানমন্ত্রী ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও ঘন ঘন বৈঠক ও মতবিনিময়ের আশ্বাস দিয়েছেন উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘একইসঙ্গে আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং বিভিন্ন রাজনৈতিক দলের স্বাক্ষরিত ‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে পালন করা হবে।’
আগামী স্থানীয় সরকার নির্বাচনে শরিকদের অবস্থান কেমন হবে এ বিষয়ে প্রশ্নের জবাবে মহাসচিব জানান, স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হবে না। তাই প্রতিটি ক্ষেত্রে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে।