মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ০৪:২৮:৩৯

বাংলাদেশীদের ভিসা দেওয়া নিয়ে এবার যে সুখবর দিল ভারত

বাংলাদেশীদের ভিসা দেওয়া নিয়ে এবার যে সুখবর দিল ভারত

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশি নাগরিকদের এখন অনেক পরিমাণে ভারতীয় ভিসা দেওয়া হচ্ছে বলে দাবি করেছে দিল্লি। গত বছরের জুলাই-আগস্ট মাস থেকে বাংলাদেশে ভারতের স্বাভাবিক ভিসা কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গিয়েছিল, যার ফলে অনেক বাংলাদেশি নাগরিককে চরম ভোগান্তির শিকার হতে হয়েছিল।

তবে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন, ‘আমরা তো (বাংলাদেশে) ভিসা দিচ্ছি। নানা কারণেই ভিসা দেওয়া হচ্ছে, অনেক পরিমাণে দেওয়া হচ্ছে।’

বিবিসি বাংলার খবরে এ তথ্য জানানো হয়।

নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল আরও বলেন, যে সব কারণে ভিসা দেওয়া হচ্ছে, তার মধ্যে মেডিক্যাল ইস্যু বা ইমার্জেন্সি আছে, ছাত্র-ছাত্রীদের ভিসা আছে ইত্যাদি ইত্যাদি।

তবে ভারত সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশি নাগরিকদের ঠিক কতসংখ্যক ভিসা দিয়েছে, সেই নির্দিষ্ট সংখ্যাটা তিনি জানাতে পারেননি। জয়সওয়াল বলেন, এটা আমাকে জেনে বলতে হবে।

এদিকে বাংলাদেশের গোপালগঞ্জে গতকাল বুধবার যে সহিংসতার ঘটনা ঘটেছে, তা নিয়ে আরেক প্রশ্ন করা হলে জয়সওয়াল সরাসরি কোনো মন্তব্য করেননি। গোপালগঞ্জের ঘটনাকে ভারত কীভাবে দেখছে, এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, আমাদের অঞ্চলে যে কোনো ডেভেলপমেন্টের দিকেই আমরা সতর্ক নজর রাখি, সেটা আমলে নিই এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের যা করণীয় সেটাও করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে