এমটিনিউজ২৪ ডেস্ক : প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি-সংক্রান্ত সেবা আরো সহজ, দ্রুত ও অগ্রাধিকারভিত্তিতে নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
মঙ্গলবার (২১ জুলাই) ভূমি মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, সচিব মো. মোখতার আহমেদ এবং দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনায় প্রবাসী কল্যাণমন্ত্রী প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি অফিসে প্রায়োরিটি সার্ভিস চালু, প্রবাসী ডেবিট কার্ডের মাধ্যমে ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধের সুবিধা, নামজারি, মিউটেশনসহ অন্যান্য ভূমি সেবা দ্রুত সম্পন্ন, ভূমি অফিসে প্রবাসী কর্নার বা সহায়তা ডেস্ক স্থাপন এবং পাওয়ার অব অ্যাটর্নি দলিল সম্পাদনে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।
জবাবে ভূমিমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে প্রবাসীদের সামাজিক মর্যাদা নিশ্চিত করতে এবং বিভিন্ন সরকারি সেবা সহজলভ্য করতে প্রবাসী কার্ড চালু করা হচ্ছে। এ উদ্যোগ সফল করতে ভূমি মন্ত্রণালয় প্রবাসী কার্ডধারীদের জন্য উল্লিখিত সব সেবা অগ্রাধিকার ভিত্তিতে নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা করবে।
এ ছাড়া প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা আরো সহজ ও সমন্বিত করতে মন্ত্রণালয়ে একটি ফোকাল পয়েন্ট নির্ধারণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন ভূমিমন্ত্রী।