শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ০৯:১৮:১৫

বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধে যে অভিযোগ আনলেন সারজিস আলম

বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধে যে অভিযোগ আনলেন সারজিস আলম

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজনৈতিক প্রতিপক্ষকে দমাতে মিথ্যা মামলা দেওয়ার পুরনো সংস্কৃতি এখনো বজায় রয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (৩১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধে এই অভিযোগ করেন।

ফেসবুক পোস্টে সারজিস আলম অতীতের আওয়ামী লীগ আমলের একটি ঘটনার স্মৃতিচারণ করে লেখেন, ‘আওয়ামী লীগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ভাঙচুরের মামলা দিয়েছিল!’

এরপর বর্তমান পরিস্থিতির অভিযোগ এনে তিনি আরও লেখেন, ‘গতকাল হবিগঞ্জের সন্ত্রাসীদের আশ্রয়স্থল গউস এমপির নির্দেশে তার পালিত ছাত্রদল আমাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা দিয়েছে!’

রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েলের এই ধরনের পুরোনো মানসিকতার তীব্র সমালোচনা করে এই এনসিপি নেতা বলেন, ‘সেই পুরনো অভ্যাস! নিজেদের মতো সবাইকে ভাবলে তো হবে না!’

এর আগে বৃহস্পতিবার রাতে হবিগঞ্জে ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪০-৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে হবিগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই বিকাল ৫টা থেকে রাত ৮টার মধ্যে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদের সামনের প্রধান সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

অভিযোগে বলা হয়, শহিদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং আলোচনা সভায় যোগ দিতে ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে অবস্থান করছিলেন। এ সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি উসকানিমূলক স্লোগান দিতে দিতে তাদের ওপর হামলা চালায়।

অভিযোগে আরও বলা হয়, হামলায় ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরীর ডান কাঁধে লোহার রডের আঘাতে হাড় ভেঙে যায়। এছাড়া মোজাক্কির হোসেন ইমনের মাথায় ইটের আঘাত লেগে তিনি গুরুতর জখম ও রক্তাক্ত হন।

এছাড়া হামলাকারীরা আহতদের কাছে থাকা একাধিক আইফোন (আইফোন ১১, ১৩, ১৪ ও ১৫) এবং নগদ অর্থ ছিনিয়ে নেয় বলেও অভিযোগে দাবি করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে