এমটিনিউজ২৪ ডেস্ক : সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ রোববার (২ আগস্ট) থেকে আগামী চার দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ সময় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আজ রোববার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবার (৩ আগস্ট) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি হতে পারে। এদিন দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
মঙ্গলবার (৪ আগস্ট) আট বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিন দিন ও রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে।
বুধবার (৫ আগস্ট) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারতের রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবেই এই বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকবে। তবে সপ্তাহের শেষের দিকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমে আসতে পারে।