বুধবার, ০৫ আগস্ট, ২০২৬, ০২:৪২:০১

শান্তা ফারজানাসহ ছয়জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ

 শান্তা ফারজানাসহ ছয়জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ

এমটিনিউজ২৪ ডেস্ক : নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদী ও জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ ছয়জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার অন্যরা হলেন- ভাইস চেয়ারম্যান ডা. নুরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান এবং সাংগঠনিক সম্পাদক আতাপ মণ্ডল ও হরিদাস সরকার।

বুধবার (৫ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রমনার বিভাগের রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রব্বানী হোসেন।

তিনি ঢাকা পোস্টকে বলেন, গতকাল মঙ্গলবার রাতে বাবুল সরকার নামের একজন তাদের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে, বাদী বাবুল সরকার রাজধানীর শাহবাগ থানায় ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করে একটি এজাহার দায়ের করেন।

এজাহারে অভিযোগ করা হয়, আসামিরা সরকারবিরোধী কর্মকাণ্ড, উসকানিমূলক স্লোগান ও মিছিলের মাধ্যমে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। গতকাল ৪ জুলাই সন্ধ্যা ৭টার দিকে শাহবাগ থানাধীন জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

এজাহারে আরও বলা হয়, বাদী ও এসডিএফের সদস্য সচিব আল নুর মোহাম্মদ আয়াসসহ জুলাই আন্দোলনের কয়েকজন সদস্য প্রতিবাদ জানালে আসামিরা দেশীয় অস্ত্র, লাঠি, এসএস পাইপ, চেয়ার ও হকিস্টিক নিয়ে হামলা চালান। এতে আল নুর মোহাম্মদ আয়াসসহ কয়েকজন আহত হন। হামলায় আয়াস গুরুতর আহত হন এবং তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, দায়ের করা মামলায় গ্রেপ্তাররা ছাড়াও অন্য জড়িত আসামিদের শনাক্তের চেষ্টা চলছে। 

এছাড়া ঢাকা মেডিকেল কলেজের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) সাহাদাৎ হোসেন জানান, গতকাল সন্ধ্যার পর জরুরি বিভাগে নতুন ধারা বাংলাদেশের ছয়জন নেতাকর্মী ও রাষ্ট্র সংলাপ ফোরামের আজকে আহত অবস্থায় নিয়ে আসা হয়। জরুরি বিভাগে হামলার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি এবং অতিরিক্ত আনসার সদস্য মোতায়েন করি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এর নির্দেশনায় জরুরি বিভাগে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেই এবং শান্তা ফারজানাসহ আহত সবাইকে সেভ করার চেষ্টা করি। 

এর আগে, গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ থাকার পর নতুন ধারা বাংলাদেশের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ ছয়জনকে হেফাজতে নেয় পুলিশ।

নতুন ধারা বাংলাদেশ ও রাষ্ট্র সংলাপ ফোরাম নামের দুটি সংগঠনের মধ্যে দুই দফা মারামারি ও সংঘর্ষের ঘটনার মধ্যে মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিটের দিকে অতিরিক্ত নিরাপত্তায় তাদের জরুরি বিভাগ থেকে বের করে হেফাজতে নিয়ে থানা নিয়ে যায় পুলিশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে