বুধবার, ০৫ আগস্ট, ২০২৬, ০৬:২১:৫০

বাংলাদেশে ভারতীয় ভিসা এবার যে নয়া বার্তা

বাংলাদেশে ভারতীয় ভিসা এবার যে নয়া বার্তা

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশে ভারতীয় ভিসা ও বিভিন্ন কনস্যুলার সেবার নামে প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক সতর্কবার্তায় হাইকমিশন জানায়, প্রতারক চক্র নিজেদের ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে। তারা অর্থের বিনিময়ে ভিসা বা অন্যান্য কনস্যুলার সেবা পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে।

হাইকমিশন স্পষ্ট করে জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা কখনোই ফোন, হোয়াটসঅ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম বা ই-মেইলের মাধ্যমে কারো সঙ্গে যোগাযোগ করে ভিসা দেওয়ার প্রস্তাব দেন না বা অর্থ দাবি করেন না। সব ধরনের ভিসা আবেদন নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসারেই নিষ্পত্তি করা হয়।

এ ধরনের ফোনকল, বার্তা বা প্রস্তাব পেলে কোনো ধরনের অর্থ লেনদেন না করার পরামর্শ দিয়েছে ভারতীয় হাইকমিশন। একই সঙ্গে ব্যক্তিগত বা আর্থিক তথ্য কারও সঙ্গে শেয়ার না করার আহ্বানও জানানো হয়েছে।

হাইকমিশন জানিয়েছে, কেউ প্রতারণার এমন ঘটনার মুখোমুখি হলে তাৎক্ষণিকভাবে বিষয়টি ঢাকায় ভারতীয় হাইকমিশনকে জানাতে হবে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ফোন নম্বর, স্ক্রিনশট বা অন্যান্য প্রাসঙ্গিক তথ্য [email protected] ঠিকানায় পাঠানোর অনুরোধ করা হয়েছে।

সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি অন্যদের মধ্যেও এ বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে