বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬, ০৪:২১:৪০

ওবায়দুল কাদের ও সাদ্দাম হোসেনের কল রেকর্ডে মিলল চাঞ্চল্যকর তথ্য

ওবায়দুল কাদের ও সাদ্দাম হোসেনের কল রেকর্ডে মিলল চাঞ্চল্যকর তথ্য

এমটিনিউজ২৪ ডেস্ক : ২০২৪ সালের ১৩ জুলাই তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরাসরি ফোন করে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন বলে দাবি করেছে প্রসিকিউশন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা একটি কল রেকর্ডে শোনা যায়, ওবায়দুল কাদের বলছেন, ‘এদের মারো না কেন? বড় হতে দাও কেন?’ সেই কল রেকর্ড আজ আদালতে যুক্তিতর্কে তুলে ধরে প্রসিকিউশন।

কল রেকর্ডে দেখা যায়, জবাবে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, পুলিশ তাদের মুখোমুখি হতে নিষেধ করেছে। এরপরও ওবায়দুল কাদের শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার নির্দেশ দেন বলে প্রসিকিউশনের দাবি।

এর আগে, গত মঙ্গলবার ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবারও ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন করছে প্রসিকিউশন।

এই মামলার অন্য আসামিরা হলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। আসামিদের সবাই বর্তমানে পলাতক।

চলতি বছরের ২২ জানুয়ারি সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। গত ২ আগস্ট এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। তদন্ত কর্মকর্তাসহ মোট ২৮ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে