এমটিনিউজ২৪ ডেস্ক : কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডেশনের জন্য সীমান্ত ব্যাংক পিএলসির সব ধরনের ব্যাংকিং লেনদেন সাময়িকভাবে প্রায় ৬০ ঘণ্টা বন্ধ রাখা হবে। এ বিষয়ে অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, সীমান্ত ব্যাংক পিএলসির কোর ব্যাংকিং সিস্টেম Flora Bank CBS Version 20.4 থেকে Version 22.4-এ উন্নীত করার লক্ষ্যে বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টা থেকে রোববার (৯ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত ব্যাংকটিকে ডাউনটাইমের অনুমতি দেয়া হয়েছে।
উক্ত সময়ে ব্যাংকটির সব শাখা, উপশাখা, ডিজিটাল চ্যানেলের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম এবং সব শাখার সেবা, এটিএম, ডেবিট কার্ড, পেমেন্ট রাউটিং প্ল্যাটফর্মগুলোর (বিএসিপিএ, বিইএফটিএন, আরটিজিএস ও এনপিএসবি) কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বর্ণিত অনুমতি দেয়া হয়েছে।
এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।