বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬, ০৭:৪৬:১২

জুলাই আন্দোলনে বিএনপি ও জামায়াত ছিল না: ফয়জুল করীম

 জুলাই আন্দোলনে বিএনপি ও জামায়াত ছিল না: ফয়জুল করীম

এমটিনিউজ২৪ ডেস্ক : জুলাই আন্দোলন নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্কের মধ্যে বিএনপি ও জামায়াতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

বরিশালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি দাবি করেন, আন্দোলনের শুরু থেকেই রাজপথে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে বিএনপি ও জামায়াত তখন আন্দোলনে ছিল না। আন্দোলন সফল হওয়ার পর বিভিন্ন দল নিজেদের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে দাবি করছে বলেও মন্তব্য করেন তিনি।

ফয়জুল করীম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো গোপন সমঝোতা বা আঁতাত ছাড়াই সরাসরি রাজপথে থেকে আন্দোলন করেছে। তিনি আরও দাবি করেন, আন্দোলন ব্যর্থ হলে অন্যদের সরে যাওয়ার সুযোগ থাকলেও তাদের সামনে সেই পথ ছিল না।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, বর্তমান সরকারের আমলে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বেড়েছে, যা সাধারণ মানুষের জীবনকে আরও কঠিন করে তুলেছে। একই সঙ্গে তিনি সাম্প্রতিক বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান জানান।

সরকারের উদ্দেশে ফয়জুল করীম বলেন, জনগণের প্রত্যাশা পূরণ না হলে এবং অন্যায়-অবিচার চলতে থাকলে আবারও আন্দোলন গড়ে উঠবে।

বরিশাল মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এ সমাবেশ শেষে নগরীতে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে