আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের সম্ভাবনা, অপরিশোধিত তেলের দাম কমে আসা এবং যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মসংস্থান প্রতিবেদন প্রকাশের অপেক্ষায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলতি সপ্তাহে স্বর্ণের দাম প্রায় ৬ শতাংশ বেড়ে জানুয়ারির পর সবচেয়ে বড় সাপ্তাহিক উত্থানের পথে রয়েছে। খবর রয়টার্স।
শুক্রবার (৭ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩৫ মিনিট পর্যন্ত স্পট গোল্ডের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৮৫ দশমিক ৮৯ ডলারে দাঁড়িয়েছে। এর আগের দিন স্বর্ণের দাম সাত সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
একই সময়ে যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারের দামও ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৪৪ দশমিক ৯০ ডলারে উঠেছে।
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনা বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়ায় মূল্যস্ফীতির চাপও কিছুটা কমতে পারে, যা স্বর্ণের বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।
স্টোনএক্সের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, কয়েক সপ্তাহ ধরে প্রতি আউন্স ৪ হাজার ডলারের ওপরে স্থিতিশীল থাকার পর স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। তার মতে, মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কমে আসায় বাজারে নতুন করে ক্রয়চাপ তৈরি হয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের সঙ্গে চলমান সংঘাত শিগগিরই শেষ হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন, যা বাজারে ইতিবাচক মনোভাব সৃষ্টি করেছে।
বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের জুলাই মাসের নন-ফার্ম পে-রোলস (এনএফপি) প্রতিবেদনের দিকে। বিশ্লেষকদের মতে, এই প্রতিবেদনের ফলাফলের ওপর ভিত্তি করে ফেডারেল রিজার্ভের পরবর্তী সুদের হার নীতির বিষয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া যেতে পারে।
ম্যাট সিম্পসনের মতে, এনএফপি প্রতিবেদন যাই হোক না কেন, প্রতি আউন্স ৪ হাজার ডলারের স্তরটি এখন স্বর্ণের জন্য শক্তিশালী সমর্থন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি মনে করেন, বাজারে সাময়িক দরপতন হলেও বিনিয়োগকারীরা আবারও স্বর্ণ কিনবেন এবং ভবিষ্যতে এর দাম ৪ হাজার ৬০০ ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে।
সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন সম্ভাবনা বর্তমানে ৫৫ শতাংশ।
অন্যদিকে বাজার বিশ্লেষণা প্রতিষ্ঠান মেরেক্স জানিয়েছে, আগস্ট মাসে স্বর্ণের বাজার নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি আগের তুলনায় আরও ইতিবাচক। প্রতিষ্ঠানটির মতে, আগামী দিনগুলোতে স্বর্ণের দামে আরও বড় ধরনের ওঠানামা দেখা যেতে পারে।
এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। শুক্রবার স্পট রুপার দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৩ দশমিক ৪৮ ডলারে পৌঁছেছে। প্লাটিনামের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৭৫৫ দশমিক ৯০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৩৭৪ দশমিক ৩০ ডলারে দাঁড়িয়েছে। সপ্তাহজুড়ে এই তিনটি ধাতুর দামও ঊর্ধ্বমুখী রয়েছে।