এমটিনিউজ২৪ ডেস্ক : ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দিতে সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি করে গঠিত এই কমিটিতে সরকারের একাধিক মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাকে সদস্য করা হয়েছে।
সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটির প্রধান দায়িত্ব হবে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা করা এবং তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা।
কমিটির সদস্যরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান, ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, এমপি।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রয়োজন মনে করলে কমিটি সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ বা প্রয়োজনীয় অন্য কোনো ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে।