এমটিনিউজ২৪ ডেস্ক : সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থ। পা অবশ হয়ে যাওয়ায় চলাফেরাও সীমিত করছেন। তবে অসুস্থতার কারণে নিকট ভবিষ্যতে বিদেশ যাওয়ার পরিকল্পনা নেই তার।
আজ রবিবার বাংলাদেশ প্রতিদিনকে এসব তথ্য জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
গত ২৪ জুলাই পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতা ও দীর্ঘমেয়াদে চিকিৎসার প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি।
বর্তমানে শারীরিক অবস্থা সম্পর্কে মো. সাহাবুদ্দিন বলেন, এখন আমার হাঁটাচলা করতে খুব কষ্ট হয়। পা অবশ হয়ে যাওয়ার কারণে সীমিত পরিসরে চলাফেরা করতে পারি। এজন্য আপাতত বাইরে কোথাও যাওয়ার চিন্তাভাবনা করছি না।
পদত্যাগের দুই দিন পর রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন ছাড়েন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গুলশানে নিজের বাসায় পরিবার নিয়ে ওঠেন তিনি। বর্তমানে সেখানেই অবস্থান করছেন।
সাবেক রাষ্ট্রপতি জানান, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন তিনি। সমস্যা বোধ করলেই গুলশানের বাসায় নিজস্ব বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নেন।
বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসায় আসার পর এ পর্যন্ত একবার সিএমএইচে গিয়ে চিকিৎসা নিয়েছেন মো. সাহাবুদ্দিন। তিনি জানান, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের ওপর নির্ভর করছে বিদেশে চিকিৎসা।
মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
এদিকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আজ রবিবার ইসি দুই প্রার্থীর মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করেছেন। আগামী ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
আওয়ামী লীগ সরকারের সময় ২০২৩ সালের ২৪ এপ্রিল মো. সাহাবুদ্দিন পাঁচ বছরের জন্য দেশের ২২তম রাষ্ট্রপতির দায়িত্ব নেন। সে হিসাবে তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল।