রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ০৪:০৭:০৭

সব প্রস্তুতি সম্পন্ন, যেকোনো সময় ছাত্রদলের কমিটি ঘোষণা, শেষ মুর্হতে যাদের নাম

সব প্রস্তুতি সম্পন্ন, যেকোনো সময় ছাত্রদলের কমিটি ঘোষণা, শেষ মুর্হতে যাদের নাম

এমটিনিউজ২৪ ডেস্ক : জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি যেকোনো সময় ঘোষণা হতে পারে। সব প্রস্তুতি সম্পন্ন। শেষ মুহূর্তে পদপ্রত্যাশীদের লবিং তদবির বেড়েছে কয়েকগুণ। পদপ্রত্যাশীরা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের কাছে নিজেদের অতীত কর্মকাণ্ড ও দলের জন্য ভূমিকা তুলে ধরছেন। কমিটিতে যথাযথ স্থানে নিজের অবস্থান নিশ্চিত করতে ব্যস্ত সময় পার করছেন তারা।

এদিকে নতুন নেতৃত্বের অপেক্ষায় সংগঠটির নেতাকর্মীরা। কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিতে কারা আসছেন তা জানার অপেক্ষায় সংগঠনটির হাজার হাজার নেতাকর্মী।

এবারের কমিটিতেও নবীন প্রবীণের সমন্বয় ঘটতে পারে; তথা একঝাঁক নতুন মুখ যেমন আসবে, তেমনি আগে কেন্দ্র, বিশ্ববিদ্যালয় ও হলে নেতৃত্বে ছিলেন এমন নেতাদেরও প্রাধান্য থাকতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলো এমন আভাসই দিয়েছে।

সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক প্রধান এই তিন পদ ঘিরে চলছে নেতাদের শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ। একই সঙ্গে ঘোষণার অপেক্ষায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটিও। নতুন পদপ্রত্যাশী নেতারা ঢাবি ক্যাম্পাসে মিছিল-পদযাত্রার মাধ্যমে নিজেদের সক্রিয়তার পরিচয় দিচ্ছেন।

গত বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ি সাক্ষাৎ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ পাঁচ নেতা। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। 

দলীয় সূত্র জানায়, এক-দুদিনের মধ্যেই  নতুন কমিটি প্রকাশ করা হবে। নেতৃত্ব বাছাইয়ে আন্দোলনে ভূমিকা, সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক গ্রহণযোগ্যতা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। 

ছাত্রদলের নতুন কমিটির শীর্ষ পদগুলোতে আলোচনায় কেন্দ্রবিন্দুতে রয়েছেন কয়েকজন ছাত্রনেতা। তারা হলেন- সবশেষ কমিটির সিনিয়র সহ সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, খোরশেদ আলম সোহেল, কাজী জিয়া উদ্দিন বাসেত, এজাজুল কবির রুয়েল, এইচএম আবু জাফর, আবিদুল ইসলাম খান আবিদ, শেখ তানভীর বারী হামিম, সালেহ মো. আদনান, মঞ্জুরুল আলম রিয়াদ, রিয়াদ রহমান, শরীফ প্রধান শুভ, ফারুক হোসেন, মমিনুল ইসলাম জিসান, ডা. তৌহিদুর রহমান আউয়াল, তরিকুল ইসলাম তারিক, আনিসুর রহমান খন্দকার অনিক, রাজু আহমেদ, মিনহাজ আহমেদ প্রিন্স প্রমুখ। 

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নামও রয়েছে আলোচনায। গাজী সাদ্দাম হোসেন, ইব্রাহিম খলিল, মাসুদুর রহমান মাসুদ, তারেক হাসান মামুন, নাছির উদ্দীন শাওন ও জাহিদ হাসান শাকিলও সম্ভাব্য প্রার্থী হিসাবে আলোচনায় রয়েছেন।

এদের মধ্য থেকেই কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি হতে পারে। সুপার ফাইভ কিংবা সেভেন কমিটি প্রথমে আসতে পারে। আংশিক কমিটি পূর্ণাঙ্গ কমিটি করবে।

আমান উল্লাহ আমানের সমর্থকরা বলছেন, মাঠপর্যায়ের রাজনীতি ও বিগত দিনের ত্যাগের বিচারে আমানের নাম জোরালোভাবে উচ্চারিত হচ্ছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সদস্য সচিব এবং বর্তমানে কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজপথে তার সাহসী ভূমিকা ছিল চোখে পড়ার মতো। 

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান আবিদ ক্যাম্পাস রাজনীতিতে পরিচিত মুখ। ২০২৫ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত ঐতিহাসিক ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেল থেকে ভিপি প্রার্থী হিসেবে তিনি ৫,৭০৮ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। জুলাই গণঅভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে সক্রিয় ছিলেন আবিদ। তার সমর্থকরা তাকে ঘিরে আশাবাদী।

এদিকে আবিদের প্যানেলে জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিমের রয়েছে ইতিবাচক ভাবমূর্তি। তিনি শিক্ষার্থীদের কল্যাণে বেশ কিছু উদ্যোগ নিয়ে প্রশংসিত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রদলের এই আহ্বায়কের জুলাইর গণঅভ্যুত্থানে ভূমিকা ছিল অত্যন্ত জোরালো। তার সমর্থকরা হামিমকে নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে চায়।

সভাপতি পদপ্রত্যাশী কাজী জিয়া উদ্দিন বাসেত বলেন, ছাত্ররাজনীতিকে শিক্ষার্থীবান্ধব ও গ্রহণযোগ্য করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তায় কাজ করতে হবে।

মমিনুল ইসলাম জিসান বলেন, সংগঠনের নেতাকর্মীরা নতুন কমিটির জন্য মুখিয়ে রয়েছেন। নতুন কমিটির নেতৃত্বে দেশ গড়ায় অংশ নেবে ছাত্রদল।

রাজু আহমেদ বলেন, নতুন নেতৃত্ব ও নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার জন্য সারা দেশের ছাত্রদল অপেক্ষা করছে। তারা আশা করছে, সাংগঠনিক অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই নতুন কেন্দ্রীয় কমিটি উপহার দেবেন।

তবে পদপ্রত্যাশীদের বক্তব্যে একটি বিষয় স্পষ্ট। সেটি হচ্ছে-নতুন কমিটি নিয়ে শেষ সিদ্ধান্ত দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি যাকে যে দায়িত্ব দেবেন, সেটিই মেনে নিয়ে সবাই সংগঠনের জন্য কাজ করবেন। 

২০২৪ সালের ১ মার্চ ছাত্রদলের কেন্দ্রীয় আংশিক কমিটির দায়িত্ব পান বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। একই সময় আবু আফসান মো. ইয়াহিয়া সিনিয়র সহ-সভাপতি, শ্যামল মালুম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং আমান উল্লাহ আমান সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান।

২০২৪ সালের ১৫ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ২৬০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

ছাত্রদলের খসড়া গঠনতন্ত্র অনুযায়ী, কেন্দ্রীয় সংসদের মেয়াদকাল দুই বছরের প্রস্তাব করা হয়েছে। সে হিসাবে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে