সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ০৭:২৩:০১

আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই মাহদী হাসান

আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই মাহদী হাসান

এমটিনিউজ২৪ ডেস্ক : হবিগঞ্জে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে তাদের আটক করা হয়। অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ‘সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিল আয়োজনের প্রস্তুতি চলছিল সেখানে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেল থেকেই কোর্ট মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিলে অংশ নিতে ছাত্র-জনতা জড়ো হতে থাকেন। আসরের নামাজের পর মিছিল বের করার প্রস্তুতির সময় পুলিশ সেখানে উপস্থিত হয়ে মাহদী হাসানসহ তিনজনকে আটক করে। পরে তাদের হবিগঞ্জ সদর থানায় নিয়ে যাওয়া হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, বিক্ষোভকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং সার্বিক নিরাপত্তার স্বার্থে তিনজনকে আটক করা হয়েছে।

তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কোনো মামলা দায়ের করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘ সময়ের লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। এসব সমস্যার প্রতিবাদেই তারা বিক্ষোভ মিছিলের উদ্যোগ নিয়েছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে