মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১০:৩৯:৫৬

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে বক্তব্য শেষ করলেন বিএনপি নেতা

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে বক্তব্য শেষ করলেন বিএনপি নেতা

এমটিনিউজ২৪ ডেস্ক : রাঙ্গাবালীতে এক বিএনপি নেতা বক্তব্যের শেষ মুহূর্তে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলেছেন- উল্লেখ করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার উপজেলা বিএনপি কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া ও মিলাদ অনুষ্ঠানে।

ওই নেতা হলেন উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন নোয়াব হাওলাদার। রোববার রাত থেকে ১২ সেকেন্ডের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, বিএনপি নেতা জাকির হোসেন নোয়াব দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

এরপর উপস্থিত নেতাকর্মীদের কয়েকজন তার ওই কথা শুনে হাসাহাসি শুরু করেন। পাশাপাশি কয়েকজন হাত দিয়ে ইশারা করে তাকে তাৎক্ষণিক থামানোর চেষ্টা করেন।

জাকির হোসেন নোয়াব হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, উপজেলা বিএনপির সভাপতি উপস্থিত ছিলেন। সেই ভালো জানেন। আমি কিছু বলব না।

এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজির মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও ফোন বন্ধ পাওয়া যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে