মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ০২:২২:৩৬

যেদিন থেকে শিক্ষক-কর্মচারীদের বদলি আবেদন শুরু

যেদিন থেকে শিক্ষক-কর্মচারীদের বদলি আবেদন শুরু

এমটিনিউজ২৪ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি আবেদন শুরু হচ্ছে আগামী ২১ আগস্ট থেকে। তবে আবেদনের ইউজার আইডি ও পাসওয়ার্ড পাননি অনেক শিক্ষক। তাদের নির্দিষ্ট নম্বরে এসএসএম পাঠিয়ে আইডি-পাসওয়ার্ড সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এস পি ইন্টারন্যাশনালের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। টেলিটক বাংলাদেশ লিমিটেডের সহায়তায় শিক্ষকদের বদলি সফটওয়্যার তৈরি করেছে এস পি ইন্টারন্যাশনাল।

 সূত্র জানিয়েছে, যে সব শিক্ষক আইডি ও পাসওয়ার্ড পাননি, তাদের যে কোনো টেলিটক সিম থেকে এনজিটিটি হেল্প সফটওয়্যারে দেওয়া মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি মেসেজে সফটওয়্যারে দেওয়া নম্বরে আইডি পাসওয়ার্ড চলে যাবে ।

এদিকে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তির খসড়া প্রস্তুত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। খসড়ায় বদলি আবেদনের ক্ষেত্রে ১৪ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। খসড়াটি মঙ্গলবার (১৮ আগস্ট) চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

শিক্ষকদের বদলি আবেদনের খসড়া বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ‘বদলি নীতিমালা অনুযায়ী বদলি হতে ইচ্ছুক শিক্ষকদের নির্ধারিত লিংকে তার মোবাইলে প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন করতে হবে। আগামী ২১ থেকে ২৭ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।’

খসড়া নির্দেশনায় বলা হয়েছে, একজন আবেদনকারী তার পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ ৩টি প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পাবেন। প্রাপ্ত আবেদনসমূহ বদলি নীতিমালা অনুযায়ী স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে প্রক্রিয়া শেষে কর্তৃপক্ষ বদলিভিত্তিক পদায়নের আদেশ জারি করবেন।

খসড়া বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ‘চাকরিতে প্রথম যোগদানের পর চাকরি দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করার জন্য যোগ্য হবেন।

বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম দুই বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন। অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না। ইচ্ছাকৃত ভুল তথ্য প্রদান প্রমাণিত হলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে