মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ০৩:৪৯:১৮

প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা সরকারি চাকরিপ্রার্থীদের, জরুরি সতর্কবার্তা

প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা সরকারি চাকরিপ্রার্থীদের, জরুরি সতর্কবার্তা

এমটিনিউজ২৪ ডেস্ক : সরকারি চাকরিপ্রার্থীদের প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করছে একটি চক্র। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র তৈরি করে চক্রটি হাতিয়ে নিচ্ছে বিপুল অর্থ।

 জনপ্রশাসন মন্ত্রণালয় চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সোমবার (১৭ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে চাকরিপ্রার্থীদের সতর্ক করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশাসন-১ শাখার উপসচিব শরিফুল ইসলামের স্বাক্ষর নকল করে তৈরি একটি ভুয়া অফিস আদেশ সম্প্রতি তাদের দৃষ্টিগোচর হয়েছে। এতে মো. রেদুয়ান আহমেদ নামে এক ব্যক্তিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়ার দাবি করা হয়েছে।

চলতি মাসের ১০ তারিখে তৈরি ওই ভুয়া আদেশে বলা হয়, জনবল সংকট মোকাবেলায় বিভাগীয় নির্বাচন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শূন্য পদে সরকারি বিধি অনুসরণ করে ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা বেতন স্কেলে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগটি ১১ আগস্ট ২০২৬ থেকে কার্যকর হবে।

 তবে প্রশাসন-১ শাখা থেকে এ ধরনের কোনো নিয়োগপত্র বা অফিস আদেশ জারি করা হয়নি বলে নিশ্চিত করেছেন উপসচিব শরিফুল ইসলাম।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, সংবাদমাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও নির্ধারিত নিয়োগ পরীক্ষা ছাড়া সরাসরি জনবল নিয়োগের কোনো সুযোগ নেই। সুতরাং চাকরির আশ্বাসে কোনো ব্যক্তি বা চক্রের সঙ্গে আর্থিক লেনদেন কিংবা কোনো ধরনের চুক্তি না করতে চাকরিপ্রার্থীদের সতর্ক করা হচ্ছে।

 মন্ত্রণালয়ের সব নিয়োগ বিজ্ঞপ্তি নিয়মিতভাবে সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়। নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন ধাপে অনলাইনে আবেদন গ্রহণ এবং প্রার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় আরো জানায়, চাকরিপ্রার্থীদের সরলতার সুযোগ নিয়ে অসাধু চক্র ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ও অফিস আদেশ তৈরি করে প্রতারণা চালিয়ে যাচ্ছে। চাকরি সংক্রান্ত যেকোনো তথ্য যাচাইয়ের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইট নিয়মিত অনুসরণ করতে চাকরিপ্রার্থীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে