শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ০৩:৫২:৫৪

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ফোন পেলেন যারা

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ফোন পেলেন যারা

এমটিনিউজ২৪ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও বেশ কয়েক সদস্য। পাশাপাশি কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্বের পরিবর্তন বা রদবদল হতে পারে। শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনে তাদের শপথ হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণের পর মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ানো হবে।

এদিন দুজন মন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী শপথ নেবেন। এদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান পূর্ণমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন। তিনি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন পেয়েছেন বলে তার পিএস বাহাউদ্দিন ভূইয়াঁ মিল্টন নিশ্চিত করেছেন।

এছাড়া মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)র চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ। দলটির মহাসচিব আব্দুল মতিন সাউদ জানান, পার্থ তাকে জানিয়েছেন তিনি মন্ত্রিপরিষদ থেকে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন।

গত ফেব্রুয়ারিতে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে পার্থের দল জাতীয় নির্বাচনে অংশ নেয়।

এদিকে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য পরিবহন অধিদপ্তর থেকে মন্ত্রিপরিষদ বিভাগে ছয়টি গাড়ি পাঠানো হয়েছে।পরিবহন কমিশনার কার্যালয়ের একজন সিনিয়র কর্মকর্তা কালবেলাকে এ তথ্য জানান।

আজ তিনজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী শপথ নিলে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যসংখ্যা বেড়ে হবে ৫৪।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য ছিলেন ৫০ জন। তাঁদের মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

এর বাইরে প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন। তাদের পাঁচজন মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্বপালন করছেন। তারা মন্ত্রিসভার সদস্য নন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে