এমটিনিউজ২৪ ডেস্ক : চলতি সপ্তাহে সরকারি চাকরিজীবীদের জন্য টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ রয়েছে। এজন্য শুধু একদিন ছুটি ম্যানেজ করতে হবে। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। এর পরদিন বৃহস্পতিবার ছুটি নিতে পারলে ২৮ ও ২৯ আগস্ট শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিনের অবকাশ পাওয়া যাবে।
সরকারি চাকরিজীবীদের পাশাপাশি যেসব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে, সেসব প্রতিষ্ঠানের কর্মীরাও বৃহস্পতিবার একদিন ছুটি নিয়ে টানা চার দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
এর আগে গত ১৩ আগস্ট ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪৪৮ হিজরি সালের পবিত্র রবিউল আউয়াল মাসের হিসাব অনুযায়ী ২৬ আগস্ট সরকারি সাধারণ ছুটি থাকবে। এদিন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরা ছুটি ভোগ করবেন।
সাধারণত ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং অধিকাংশ বেসরকারি অফিস বন্ধ থাকে। তবে জরুরি সেবার আওতাভুক্ত প্রতিষ্ঠান ও কর্মীরা এ ছুটির বাইরে থাকেন।
বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল ও চিকিৎসাসেবার মতো জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্টদের দায়িত্ব পালন করতে হয়। এ ছাড়া ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহণ, জরুরি যানবাহন এবং সংশ্লিষ্ট দায়িত্বে নিয়োজিত কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকবেন।
এদিকে ব্যাংক খোলা বা বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে আদালত খোলা থাকবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত দেয় বাংলাদেশ সুপ্রিম কোর্ট।