রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১১:০৯:৩৪

যারা হতে পারবেন না স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী

যারা হতে পারবেন না স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী

এমটিনিউজ২৪ ডেস্ক : আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি একক প্রার্থী সিলেকশন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, ‘দলের মধ্যে থেকে কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারবে না। বিএনপি করলে অবশ্যই দলের কেন্দ্রীয় কমান্ডের সিদ্ধান্ত মানতে হবে।’

রবিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

রাশেদ খান বলেন, ‘সরকারি অফিসের কর্মকর্তারা সেবা প্রদানে সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণ বা ঘুষ দাবির অভিযোগ উঠলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

কালীগঞ্জ উপজেলার সকল সরকারি দপ্তরের গেটে অভিযোগ বাক্স স্থাপন করার জন্য ইউএনওকে নির্দেশনা দেন রাশেদ খান।

তবে কেউ যদি হিংসার বশবর্তী হয়ে মিথ্যা অভিযোগের আশ্রয় নেয়, তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 
প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, ‘এলাকার উন্নয়নে বিরোধী দল স্থানীয় জামায়াতের সঙ্গে তাদের কোনো বিরোধ থাকবে না। আইন-শৃঙ্খলার উন্নয়নসহ মাদক নির্মূলে দল-মত-নির্বিশেষে সবাই একজোট হয়ে কাজ করতে হবে।’ 

রাশেদ খান জানান, এই আসনে তাকে ধানের শীষের প্রার্থী করা হলেও বিএনপির বিদ্রোহী প্রার্থী ও গ্রুপিং বিভেদে পরাজিত হয়েছিলেন তিনি। এতে স্থানীয় বিএনপি সাংগঠনিক অবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। 

তিনি বলেন, ‘যেসব নেতাকর্মী ভুল করেছিলেন তারা ফিরে এসে দলের জন্য কাজ করবেন। দল গোছাতে প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নির্দেশনা দিয়েছেন।’

মতবিনিময়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও কালীগঞ্জ থানার ওসি কবির হোসেন প্রমুখ। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে