এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের বাজারে সবশেষ সমন্বয়ে বাড়ানো হয়েছে স্বর্ণ ও রুপার দাম। সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার (২৪ আগস্ট) মূল্যবান এই ধাতু দুটি বিক্রি হচ্ছে সবশেষ নির্ধারিত দামে।
সবশেষ শনিবার (২২ আগস্ট) স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওই দফায় ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানো হয়।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় নতুন করে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। ২১ ক্যারেট স্বর্ণ ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকারের এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।
এর আগে ২০ আগস্ট স্বর্ণে দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময় ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ৩ হাজার ৮৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ১০৬ বার সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৫৪ দফায় দাম বাড়ানো হয়েছে, ৫১ দফায় কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
স্বর্ণের দাম বাড়ানোর পাশাপাশি দেশের বাজারে রুপার দামও বাড়ানো হয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৪৮২ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ২৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় বিক্রি হচ্ছে।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৪ বার সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ৩৪ বার এবং কমানো হয়েছে ৩০ বার। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম। যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।