সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ০৪:১৯:৪৮

একাদশ শ্রেণিতে ভর্তির সম্পূর্ণ নীতিমালা জানুন

একাদশ শ্রেণিতে ভর্তির সম্পূর্ণ নীতিমালা জানুন

এমটিনিউজ২৪ ডেস্ক : ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে কলেজ ও সমমানের প্রতিষ্ঠানে ভর্তির নীতিমালা প্রকাশ করা হয়েছে। নীতিমালা অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। আর নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে ২৩ সেপ্টেম্বর।

সোমবার (২৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ নীতিমালা প্রকাশ করা হয়েছে। 

নীতিমালায় বলা হয়েছে, কলেজ ও সমমানের প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মোট আসনের ৯৩ শতাংশ সবার জন্য উন্মুক্ত থাকবে। এসব আসনে শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে ভর্তি করা হবে।

এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ এবং মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশসহ মোট ২ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। মহানগর, বিভাগীয় ও জেলা সদরের শিক্ষা প্রতিষ্ঠানে ন্যূনতম যোগ্যতা পূরণ সাপেক্ষে তারা এ সুবিধা পাবেন।

সংরক্ষিত আসনে আবেদনকারীর সংখ্যা নির্ধারিত আসনের তুলনায় বেশি হলে সংশ্লিষ্ট আবেদনকারীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

এ ক্ষেত্রে আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীকে তার দপ্তর প্রধানের প্রত্যয়নপত্র জমা দিতে হবে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তা নিজেই দপ্তরপ্রধান হলে তার এক ধাপ ঊর্ধ্বতন কর্মকর্তার প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।

এ ছাড়া মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের জন্য ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।

মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের জন্য সংরক্ষিত আসনে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। ভর্তির সময় এসব কাগজের মূল কপি প্রদর্শন করতে হবে।

নীতিমালা অনুযায়ী, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যু করা মুক্তিযোদ্ধা সনদ যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

তবে সংরক্ষিত আসনের জন্য যোগ্য মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা পাওয়া না গেলে মেধা তালিকা থেকে ওই আসনে শিক্ষার্থী ভর্তি করতে হবে। কোনো অবস্থাতেই আসন শূন্য রাখা যাবে না।

সম্পূর্ণ নীতিমালা দেখতে এখানে ক্লিক করুন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে