বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ০৮:১৯:২১

যে বার্তা দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

যে বার্তা দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

এমটিনিউজ২৪ ডেস্ক : সেনাবাহিনীর শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় কোর অব মিলিটারি পুলিশের (সিএমপি) গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সাভারে কোর অব মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুলে (সিএমপিসিঅ্যান্ডএস) অনুষ্ঠিত কোর অব মিলিটারি পুলিশের বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, ‘কোর অব মিলিটারি পুলিশ সেনাবাহিনীর শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে।’ দেশমাতৃকার সেবায় এ কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও অবদানের কথা উল্লেখ করে তিনি কোরের সদস্যদের প্রশংসা করেন। আন্তর্জাতিক পরিমণ্ডলেও কোর অব মিলিটারি পুলিশের ভূমিকার প্রশংসা করেন তিনি।

সম্মেলনে সেনাপ্রধান কোরের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, গবেষণা, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অধিনায়ক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি কোরের প্রতিটি সদস্যকে তাদের দায়িত্ব পালনে আরো দক্ষ ও পেশাদার হওয়ার আহ্বান জানান।

একই দিনে সাভারের রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম (আরভিঅ্যান্ডএফ) ডিপোতে অনুষ্ঠিত হয় আরভিঅ্যান্ডএফ কোরের চতুর্থ বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৬। এ সম্মেলনেও প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান।

বক্তব্যে সেনাপ্রধান আরভিঅ্যান্ডএফ কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশের সেবায় এ কোরের অবদানের কথা তুলে ধরেন।

সেনাবাহিনীর পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কোরটির গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

বিশেষ করে কোরের অধীন ফার্মগুলোর উৎপাদন বৃদ্ধির ওপর তিনি গুরুত্বারোপ করেন। আধুনিক প্রযুক্তি ও গবেষণার সর্বোত্তম ব্যবহার করে উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি সেনাবাহিনীর পুষ্টি ও খাদ্য নিরাপত্তায় আরো কার্যকর অবদান রাখার বিষয়ে তিনি দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠান দুটিতে মিলিটারি পুলিশের কর্নেল কমান্ড্যান্ট ও কমান্ড্যান্ট, ন্যাশনাল ডিফেন্স কলেজ; ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল; কর্নেল কমান্ড্যান্ট, আরভিঅ্যান্ডএফ কোর ও কমান্ড্যান্ট, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ; জেনারেল অফিসার কমান্ডিং, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া; সেনাসদর ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কোরগুলোর অধিনায়ক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে