রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৩:৫০

জামিন পেলেন দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিদিশা

জামিন পেলেন দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিদিশা

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর গুলশান থানায় দায়ের করা প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছে হাইকোর্ট।

রবিবার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।

আদালতে বিদিশার পক্ষে জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী ফজলুর রহমান খান ও মো. মাসুদ মিয়া।

এর আগে গত ২ সেপ্টেম্বর ঢাকার মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির বিদিশার জামিন আবেদন নামঞ্জুর করেন।

আইনজীবী মাসুদ মিয়া বলেন, বিদিশার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় হাইকোর্টে জামিন হওয়ায় তার মুক্তিতে এখন আর কোনো বাধা নেই।

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় গত ২০ মে বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

ওই রায়ের পর বিদিশার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি ছিল। এর ভিত্তিতে গত ২৫ আগস্ট রাতে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরদিন ২৬ আগস্ট তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

পরে জামিন চেয়ে আবেদন করা হলেও ২ সেপ্টেম্বর আদালত তা নামঞ্জুর করে। এরপর হাইকোর্টে জামিন আবেদন করেন বিদিশা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে