সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৩৯:৪৭

দেশে কত সম্পদ আছে শেখ হাসিনার নামে? যা জানা গেল

দেশে কত সম্পদ আছে শেখ হাসিনার নামে? যা জানা গেল

এমটিনিউজ২৪ ডেস্ক :  জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তার নামে দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

তবে কীভাবে এ সম্পদ বাজেয়াপ্ত করা হবে, কিভাবে তা শহীদ পরিবারকে দেওয়া হবে, সে বিষয়ে আইনি প্রক্রিয়া ঠিক করতে কাজ চলছে। এ সময় সবচেয়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনার দেশে থাকা সম্পদের পরিমাণ। 

সোমবার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, আইনে অথবা বিধিতে কোনো সম্পত্তি বাজেয়াপ্ত করার বিষয়টি উল্লেখ আছে। ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিধানও আছে। কিন্তু কী প্রক্রিয়ায় সেটা হবে, সেটা আছে সাধারণ আইনে। তিনি শুনানিতে ট্রাইব্যুনালের বিচারপতিদের সামনে উল্লেখ করেছিলেন, এ বিষয়ে যাতে একটি সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়।

চিফ প্রসিকিউটর বলেন, প্রক্রিয়া চূড়ান্ত হলে তার ‘রেট্রোস্পেকটিভ ইফেক্ট’ হয়ে যাবে, অর্থাৎ আগে দেওয়া রায় অনুযায়ী সম্পদ বাজেয়াপ্ত করা যাবে। সেটিতে আইনগত কোনো সমস্যা নেই।

তবে শেখ হাসিনার নামে কী কী সম্পদ আছে, যা বাজেয়াপ্ত করা যাবে?

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে শেখ হাসিনা (গোপালগঞ্জ-৩) হলফনামায় সম্পদের বিবরণ দেন। ইসিতে জমা দেওয়া হলফনামায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের নামে ৪ কোটি ৩৪ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেখা গেছে।

নির্বাচনের সময় শেখ হাসিনার নিজের হাতে নগদ অর্থ দেখিয়েছিলেন সাড়ে ২৮ হাজার টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা টাকার পরিমাণ ছিল প্রায় ২ কোটি ৩৯ লাখ। ছিল ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র ও ৫৫ লাখ টাকার স্থায়ী আমানত (এফডিআর)। উপহার থেকে পাওয়াসহ তিনটি মোটরগাড়ি দেখিয়েছিলেন ইসিতে। তবে এগুলোর দাম কত তা উল্লেখ করা হয়নি। ১৩ লাখ ২৫ হাজার টাকার স্বর্ণসহ মূল্যবান ধাতু দেখিয়েছিলেন তিনি।

শেখ হাসিনার ৭ লাখ ৪০ হাজার টাকার আসবাবপত্র ও ১৫ দশমিক ৩ বিঘা কৃষি জমি রয়েছে, যার ক্রয়কৃত অংশের মূল্য ৬ লাখ ৭৮ হাজার টাকা, যা টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ সদর, গাজীপুর ও রংপুরে।

ইসিতে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, ঢাকার পূর্বাচলে একটি প্লট রয়েছে শেখ হাসিনার নামে, যার দাম ৩৪ লাখ ৭৬ হাজার টাকা। হলফনামায় শেখ হাসিনা তিনতলা ভবনসহ ৬ দশমিক ১০ শতক (আংশিক) জমি নিজের নামে দেখিয়েছেন। এই জমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। এর অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ৫ লাখ টাকা।

সব মিলিয়ে হাসিনার নিজের নামে আছে ৪ কোটি ৩৪ লাখ টাকার সম্পদ।  

মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৫ সালের ১৭ নভেম্বর শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে