এমটিনিউজ২৪ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া চার হাজার বাংলাদেশি প্রবাসীর দ্রুত পুনর্বাসন, মাসিক সহায়তা ভাতা ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত প্রবাসীরা। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ‘রেমিট্যান্স যোদ্ধা ঐক্য’র পক্ষ থেকে এসব দাবি জানানো হয়।
এর আগে সংযুক্ত আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া চার হাজার বাংলাদেশির বিষয়টি সরকার অবগত বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। গত রবিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন, বিষয়টি সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা চলছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রেমিট্যান্স যোদ্ধা ঐক্যের পক্ষে মোহাম্মদ আবুল কালাম বলেন, সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন কর্মরত বাংলাদেশিরা বৈদেশিক মুদ্রা অর্জন ও রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। কিন্তু ছুটিতে দেশে আসার পর ভিসা বাতিল হওয়ায় অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। এতে তাঁরা আর্থিক সংকটে পড়েছেন।
অন্য দাবির মধ্যে রয়েছে—পুনর্বাসন না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত প্রবাসী ও তাঁদের পরিবারের আর্থিক নিরাপত্তায় মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা সহায়তা ভাতা দিতে হবে। সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে উচ্চ পর্যায়ে কূটনৈতিক আলোচনা করে ভিসা জটিলতার দ্রুত সমাধান এবং ক্ষতিগ্রস্তদের আগের কর্মস্থলে ফেরার সুযোগ সৃষ্টি। আমিরাতে ফেরত পাঠানো সম্ভব না হলে সরকারের উদ্যোগে উপযুক্ত অন্য দেশে কর্মসংস্থানের ব্যবস্থা।
বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলার সেবা আরো কার্যকর ও সহজলভ্য করা এবং আমিরাতে থাকা বাংলাদেশিদের ভিসা নবায়ন, পুনঃপ্রাপ্তি ও অন্যান্য প্রশাসনিক জটিলতার স্থায়ী সমাধান। দীর্ঘদিন দেশের অর্থনীতিতে অবদান রাখা প্রবাসীদের জন্য সুনির্দিষ্ট প্রবাসী পেনশন বা কল্যাণ ভাতা কর্মসূচি চালু করা।